৩৯তম বর্ষে ‘বৃন্দাবনের প্রেম মন্দির’ থিমে চতুরঙ্গ সার্বজনীনের পুজো, স্থানীয় শিল্পীদের নিয়ে ‘সর্বজনের উৎসব’-এর বার্তা

 


নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: খুঁটিপুজোর মধ্য দিয়ে আসন্ন শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা করল দুর্গাপুরের অন্যতম প্রাচীন ও পরিচিত চতুরঙ্গ সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এ বছর পুজো কমিটি ৩৯তম বর্ষে পদার্পণ করেছে। এবারের দুর্গাপুজোর মূল আকর্ষণ হিসেবে থাকছে ‘বৃন্দাবনের প্রেম মন্দির’ থিমের মণ্ডপ। পাশাপাশি উৎসবকে আরও সর্বজনীন করে তুলতে একাধিক নতুন উদ্যোগের কথাও জানিয়েছেন উদ্যোক্তারা।


পুজো কমিটির সভাপতি সুদীপ দত্ত রায় জানান, এতদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচলিত ‘ভিআইপি সংস্কৃতি’ থেকে সরে এসে এ বছর সম্পূর্ণভাবে দুর্গাপুরের স্থানীয় শিল্পীদের জন্য মঞ্চ উন্মুক্ত করা হয়েছে। তাঁর বক্তব্য, “আমাদের লক্ষ্য এই পুজোকে প্রকৃত অর্থেই সর্বজনের উৎসবে পরিণত করা। দুর্গাপুরের শিল্পী, সংস্কৃতি ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণেই উৎসবের আসল আনন্দ ফুটে উঠবে।”


তিনি আরও জানান, অতীতে অনেকেই আমন্ত্রণের বাইরে থেকে যেতেন। এবার সেই রীতি ভেঙে এলাকাজুড়ে মাইকিংয়ের মাধ্যমে সকলকে খুঁটিপুজো ও দুর্গোৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পুজো কমিটির দাবি, সকলের সহযোগিতা ও অংশগ্রহণেই এ বছরের উৎসব আরও প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে উঠবে।


আয়োজকদের আশা, ‘বৃন্দাবনের প্রেম মন্দির’ থিমের মণ্ডপের পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনা এবং সর্বজনীন অংশগ্রহণের এই উদ্যোগ দুর্গাপুরের শারদোৎসবে এক নতুন মাত্রা যোগ করবে।





#Durgapur #DurgaPuja #SharodUtsav #WestBengal #BreakingNews

Written By

Author

রিপাবলিকান মিরর (Republican Mirror) একটি শীর্ষস্থানীয় আধুনিক জনপ্রিয় নিউজ প্ল্যাটফর্ম।

Sponsored
Insert AdSense HTML Here

আরো খবর

Sponsored (300x250)