নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ট্রাঙ্ক রোড মোড় গোলই এলাকায় লটারি বিক্রির আড়ালে অবৈধ জুয়ার আসর চালানোর অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় সাদা পোশাকের পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই একটি দোকান থেকে লটারি বিক্রির পাশাপাশি ফার্স্ট প্রাইজের শেষ সংখ্যা, ডাবল ডিজিট এবং পাঁচ সংখ্যার বিভিন্ন ধরনের অবৈধ খেলা পরিচালিত হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানটির সামনের অংশে বৈধ লটারির ব্যবসা চললেও, তার আড়ালে অবৈধভাবে জুয়ার কার্যকলাপ পরিচালনা করা হত বলে অভিযোগ। বাইরে থেকে সেটিকে ব্যাটারি চালিত স্কুটি ও টোটো গুদাম হিসেবেও দেখানো হত বলে স্থানীয়দের একাংশের দাবি।
পুলিশি অভিযানে দোকান থেকে মুন্না জাসওয়ালের একজন কর্মচারী বা ওই খেলার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মুন্না জাসওয়াল দোকানের মালিক হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে। মুন্না জাসওয়াল এর এক ভাইও এর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তবে স্থানীয় সূত্রের দাবি, অভিযানের পর থেকে আটক ব্যক্তিকে পুলিশের হেফাজতেই রাখা হয়েছে।
ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অবৈধ জুয়ার অভিযোগের সত্যতা, এর সঙ্গে আর কারা জড়িত এবং কতদিন ধরে এই কার্যকলাপ চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।
#দুর্গাপুর #BreakingNews #WestBengal #CrimeNews #PoliceRaid
