পশ্চিম বর্ধমান : সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত প্রাণ হারালেন দুর্গাপুরের বেনাচিতি এলাকার নিবেদিতা প্লেসের বাসিন্দা উজ্জ্বল ঘোষ। রবিবার সকাল প্রায় ৬টা ১৭ মিনিটে বর্ধমানের আরএনআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় উজ্জ্বল ঘোষ রাস্তার ধারের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, সেই সময় দ্রুতগতিতে আসা একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনি ছিটকে পড়ে মাথার পিছনে গুরুতর আঘাত পান। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিবারের দাবি, উন্নত চিকিৎসার জন্য একাধিক হাসপাতালে ছুটোছুটি করতে হয়, দুর্গাপুর একাধিক হসপিটাল বিশাল অংকের টাকা দাবি করে চিকিৎসার জন্য। উপায় না দেখে পরে তাঁকে বর্ধমানের আরএনআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকদের ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসার ব্যয় বহনে সমস্যার মুখে পড়ে পরিবার। সেই সময় সামাজিক মাধ্যমে সাহায্যের আবেদন জানানো হয়। বিভিন্ন সমাজসেবী সংগঠন, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ পরিবারের পাশে দাঁড়ান। তবে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যু হয় উজ্জ্বল ঘোষের।
মৃত্যুর পর রবিবার সিটি সেন্টার থানায় টোটোর নম্বরের ভিত্তিতে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ ও প্রশাসন। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়িত্ব নির্ধারণে তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।
এই ঘটনাকে ঘিরে শহরাঞ্চলে টোটো চলাচলের নিয়ন্ত্রণ, অতিরিক্ত গতি এবং পথচারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, যানবাহন চলাচলের ক্ষেত্রে আরও কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
উজ্জ্বল ঘোষের অকালপ্রয়াণে দুর্গাপুরের বেনাচিতি এলাকার নিবেদিতা প্লেসে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
#BreakingNews #Durgapur #RoadAccident #WestBengal #BengaliNews
