শ্যাম দাস, আসানসোল : বর্ষা শুরু হতেই আবারও সামনে এল বহু বছরের পুরনো সমস্যা। পশ্চিম বর্ধমানের আসানসোলের হিরাপুর এলাকার সামডি অঞ্চলে দামোদর নদীর উপর নির্মিত দুটি অস্থায়ী কাঠের সেতু ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
কেশাকুয়ারি ফেরিঘাট এবং ঈশ্বরদা ফেরিঘাটে নদী পারাপারের জন্য প্রতিবছরই অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হয়। কিন্তু বর্ষা শুরু হলেই নদীর জলস্তর বৃদ্ধি এবং স্রোতের চাপে সেই সেতু ভেঙে পড়ে। ফলে কয়েক মাস ধরে দুই পাড়ের মানুষের স্বাভাবিক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। অস্থায়ী সেতু ভেঙে যাওয়ার পর স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং রোগীদের দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে যাতায়াতের খরচও।
এ বছরও কেশাকুয়ারি ও ঈশ্বরদা ফেরিঘাটের অস্থায়ী সেতু ভেঙে পড়ায় নদী পারাপারে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সাময়িক সমাধানের বদলে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক, যাতে প্রতি বর্ষায় একই দুর্ভোগের শিকার হতে না হয়।
বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই দাবি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হয়নি। তাই এবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন এলাকার মানুষ।
#Asansol #DamodarRiver #Hirapur #PaschimBardhaman #Bridge #PublicIssue #BreakingNews #RepublicanMirror
