আসানসোল: পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর সংলগ্ন আছড়া গ্রামে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তিনতলা বাড়ি ও তার নিচে থাকা পোশাকের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল চিত্তরঞ্জন সংযোগকারী সামডি রোডের ধারে ব্যবসায়ী উদয় ঘোষের তিনতলা বাড়ির নিচের তলায় একটি পোশাকের দোকান ছিল। সামনেই উৎসবের মরশুম থাকায় দোকানে বিপুল পরিমাণ নতুন পোশাক ও অন্যান্য সামগ্রী মজুত করা ছিল।
সোমবার গভীর রাতে হঠাৎ দোকানে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা দোকান এবং বাড়ির একাংশে। আগুন দেখতে পেয়ে উদয় ঘোষ ও তাঁর পরিবারের সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাঁরা আগুনে দগ্ধ হন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, উদয় ঘোষ এবং তাঁর স্ত্রীর পা থেকে হাঁটু পর্যন্ত দগ্ধ হয়েছে। এছাড়া ১২ বছরের এক কিশোরের হাতেও গুরুতর চোট লেগেছে।
ঘটনার খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
আগুনে দোকানের সমস্ত পোশাক, আসবাবপত্র এবং অন্যান্য মালপত্র সম্পূর্ণ পুড়ে যায়। বাড়িরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও সরকারি ভাবে এখনও কোনও ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনার পর এলাকায় একটি স্থায়ী দমকল কেন্দ্র স্থাপনের দাবি আরও জোরালো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল কেন্দ্র দূরে থাকায় আগুন লাগার ঘটনায় দ্রুত পরিষেবা পাওয়া যায় না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। অবিলম্বে রূপনারায়ণপুর এলাকায় একটি দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা।
#Asansol #Salanpur #FireIncident #WestBengal #BreakingNews
