নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
দুর্গাপুর ইস্পাত কারখানার ২ নম্বর ব্লাস্ট ফার্নেসে কর্মরত অবস্থায় ল্যাডেলে পড়ে মৃত্যু হওয়া ২৬ বছরের ঠিকা শ্রমিক শেখ শহিদুলের পরিবারের পাশে দাঁড়াল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। রবিবার সকালে বিএমএসের একটি প্রতিনিধি দল দুর্গাপুরের আরতি গ্রামে মৃত শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানায়।
কারখানা কর্তৃপক্ষের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, বিএমএসের স্টিল ইন্ডাস্ট্রিজের কো ইনচার্জ এবং এনজেসিএস নেতা হিমাংশু শেখর বল শেখ শহিদুলের পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএস (ডিআইকেএস)-এর সভাপতি সমীর সিংহ রায়, সহ সভাপতি মানস চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক ঋষিকেশ সিং, সহ সম্পাদক জয়শ্রী কুমার এবং পশ্চিম বর্ধমান জেলা সাধারণ সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায়।
বিএমএস নেতৃত্ব জানিয়েছে, মৃত শ্রমিকের পরিবারের পাশে থেকে সবরকম সহযোগিতা করা হবে। পাশাপাশি পরিবারের প্রাপ্য ক্ষতিপূরণ দ্রুত প্রদান, আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে কর্মক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবিও কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।
#দুর্গাপুর #BreakingNews #SteelPlant #BMS #WestBengal
