নিজস্ব সংবাদদাতা, বারাবনি: পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লকে অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাইয়ের কাজ করতে গিয়ে অপমান ও হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুললেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এই ঘটনায় বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি।
সমিতির দাবি, স্থানীয় সিডিপিও এবং প্রশাসনের নির্দেশে বারাবনি ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। অভিযোগ, গত ৭ জুলাই ওই কাজ চলাকালীন একটি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় তাঁদের।
লিখিত অভিযোগে জানানো হয়েছে, কাপিষ্ঠা এলাকার বাসিন্দা কাকলি সিনহা এবং তাঁর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি ব্লক অফিসের মূল ফটকের সামনে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের উপস্থিতিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্দেশে অপমানজনক মন্তব্য করেন। এই ঘটনায় কর্মীরা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত এবং নিরাপত্তাহীন বোধ করছেন বলে অভিযোগ।
অঙ্গনওয়াড়ি কর্মীদের বক্তব্য, সামান্য সম্মানিক ভাতায় তাঁরা দীর্ঘদিন ধরে শিশু ও মাতৃকল্যাণের পাশাপাশি স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। সাধারণ মানুষের স্বার্থে নানা প্রতিকূলতার মধ্যেও তাঁরা কাজ চালিয়ে গেলেও এ ধরনের আচরণ তাঁদের মর্যাদায় আঘাত করেছে বলে দাবি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে নিঃশর্ত ক্ষমা না চাইলে এবং ঘটনার জন্য দুঃখপ্রকাশ না করলে অঙ্গনওয়াড়ি কর্মীরা অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাইয়ের কাজ থেকে বিরত থাকবেন।
এছাড়াও ভবিষ্যতে কর্মীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজের সুযোগ নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই বারাবনি থানায় অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
#Barabani #WestBardhaman #Anganwadi #BreakingNews #NewsUpdate
