দুর্গাপুর, ৯ আগস্ট: শ্রী অরবিন্দের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর শ্রী অরবিন্দ সোসাইটির উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। অনুষ্ঠানে প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।
শ্রী অরবিন্দের জন্মবার্ষিকী উপলক্ষে গত ১ আগস্ট এই চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগীদের বয়স ও স্তর অনুযায়ী অনুষ্ঠানটি এ, বি এবং সি এই তিনটি বিভাগে ভাগ করা হয়। চিত্রাঙ্কন ও রচনা মিলিয়ে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
রবিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণবানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সৌরভ মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর শ্রী অরবিন্দ সোসাইটির শাখার চেয়ারম্যান বিনয় কুমার বাজারী, ভাইস চেয়ারম্যান অরুণী মুখার্জী এবং সেক্রেটারি শিশির কুমার রায় চৌধুরী।
অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে শ্রী অরবিন্দের শিক্ষা, আদর্শ ও ভাবধারা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের জীবনে মূল্যবোধ, জ্ঞানচর্চা ও সৃজনশীলতার গুরুত্বের কথাও তুলে ধরা হয়। একই সঙ্গে কৃতী পড়ুয়াদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা, জ্ঞানচর্চা এবং শ্রী অরবিন্দের চিন্তাধারার সঙ্গে পরিচিতি বাড়ানোর লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন। সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিকাশ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
