জামুড়িয়া : পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রেমপাল সিংকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এই গ্রেফতারির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ বালি ব্যবসা সংক্রান্ত একটি মামলায় প্রেমপাল সিংকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
প্রাক্তন বিধায়কের ছেলের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই জামুড়িয়া-সহ গোটা শিল্পাঞ্চলে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ৪ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই প্রেমপাল সিংয়ের খোঁজ চলছিল। তদন্তের সূত্র ধরে তাঁর বাড়ি ও অফিসেও
তল্লাশি চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। সেই সময় সেখান থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারের দাবি করেছে পুলিশ।
তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই প্রেমপাল সিংয়ের সন্ধান চলছিল। বৃহস্পতিবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে তাঁকে শনাক্ত করার পর গ্রেফতার করা হয়। পুলিশের বক্তব্য, এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করার সময়ই তাঁকে আটক করা হয়।
এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে প্রাক্তন বিধায়ক হরেরাম সিংকেও এলাকায় দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে। তবে তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে কোনও তথ্য পুলিশের তরফে জানানো হয়নি।
অবৈধ বালি ব্যবসা সংক্রান্ত মামলায় প্রেমপাল সিংয়ের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এবং তদন্তে আরও কারও নাম উঠে আসে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

