দুর্গাপুর, ১৮ আগস্ট: সনকা এডুকেশনাল ট্রাস্ট পরিচালিত শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটালসের প্রাঙ্গণে শিব মন্দির নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হল। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ এবং নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ। তাঁদের উপস্থিতিতে নির্দিষ্ট ধর্মীয় রীতি মেনে শিব মন্দিরের শিলান্যাস সম্পন্ন হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে তৈরি হয় ভক্তিময় পরিবেশ।
এই অনুষ্ঠানে সনকা এডুকেশনাল ট্রাস্টের আধিকারিকদের পাশাপাশি শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের অধ্যক্ষ, চিকিৎসক,
শিক্ষক, শিক্ষিকা, হাসপাতালের কর্মী এবং পড়ুয়ারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য, শিব মন্দিরটি নির্মিত হলে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রোগী, পড়ুয়া, চিকিৎসক এবং কর্মীদের জন্য এটি শান্ত ও আধ্যাত্মিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে। চিকিৎসা পরিষেবা ও শিক্ষার ব্যস্ত পরিবেশের মধ্যে মানসিক প্রশান্তির ক্ষেত্র হিসেবেও মন্দিরটি ভূমিকা রাখবে বলে আশা কর্তৃপক্ষের।
ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বের পর উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সনকা পরিবারের পক্ষ থেকে এই দিনটিকে প্রতিষ্ঠানের ইতিহাসে একটি স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।
#দুর্গাপুর #শিবমন্দির #সনকাহাসপাতাল #ধর্মীয়অনুষ্ঠান #পশ্চিমবর্ধমান


