দামোদরে স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ যুবক, অন্ডালে উদ্ধারকারী দলের তল্লাশি


 অন্ডাল, ২৬ আগস্ট: দামোদর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হলেন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের অন্ডালের মদনপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ যুবকের নাম নেপাল রায়, বয়স ২৭ বছর। তিনি অন্ডাল থানার মদনপুর রায়পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।


পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় ২টা নাগাদ নেপাল রায় দামোদর নদীতে স্নান করতে নেমেছিলেন। স্নানের সময় আচমকাই তিনি নদীর গভীর জলে তলিয়ে যান। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে খোঁজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবারের সদস্যরাও।


ঘটনার খবর দেওয়া হয় অন্ডাল থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর স্থানীয়দের সহযোগিতায় নদীতে তল্লাশি শুরু হয়। দীর্ঘ সময় ধরে খোঁজ চালানো হলেও মঙ্গলবার রাত পর্যন্ত নেপাল রায়ের কোনও সন্ধান মেলেনি।


এরপর বুধবার সকালে পুলিশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জেলা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের উদ্ধারকারী দল। নদীতে নেমে বিভিন্ন অংশে তল্লাশি শুরু করেন উদ্ধারকারীরা। নদীর স্রোত ও গভীরতার বিষয়টি মাথায় রেখে একাধিক জায়গায় অনুসন্ধান চালানো হয়।


শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকারী দলের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে। নেপাল রায়ের সন্ধান না মেলায় উদ্বেগের মধ্যে রয়েছে তাঁর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।

Written By

Author

রিপাবলিকান মিরর (Republican Mirror) একটি শীর্ষস্থানীয় আধুনিক জনপ্রিয় নিউজ প্ল্যাটফর্ম।

Sponsored
Insert AdSense HTML Here

আরো খবর