বিকাশ সেন, পশ্চিম বর্ধমান
রাতের পথ চলাচল আরও নিরাপদ করতে এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে সামাজিক উদ্যোগ নিল দুর্গাপুরের গৌরী দেবী হাসপাতাল। হাসপাতালের উদ্যোগে আমলাজোড়া থেকে বাবনাবেড়া এবং সংলগ্ন এলাকায় সৌরবিদ্যুৎচালিত আলোকসজ্জা প্রকল্পের সূচনা হল শুক্রবার। স্থানীয় বাবনাবেড়া বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরী দেবী হাসপাতালের কর্ণধার রাহুল মজুমদার, স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক এবং হাসপাতালের ঊর্ধ্বতন আধিকারিকরা।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, আমলাজোড়া থেকে বাবনাবেড়া ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রাস্তার পাশে সৌরবিদ্যুৎচালিত আলোর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে রাতের বেলায় সাধারণ মানুষের যাতায়াত আরও স্বচ্ছন্দ ও নিরাপদ হবে। পাশাপাশি রাস্তার দৃশ্যমানতা বাড়ার কারণে পথ নিরাপত্তার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা উদ্যোক্তাদের। এলাকায় অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধেও পর্যাপ্ত আলোকসজ্জা সহায়ক হতে পারে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গৌরী দেবী হাসপাতালের কর্ণধার রাহুল মজুমদার জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌরপ্রযুক্তির মতো পরিবেশবান্ধব ব্যবস্থাকে কাজে লাগিয়ে একদিকে এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করার চেষ্টা চলছে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দিনে এই অঞ্চলে আরও জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
হাসপাতালের সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতার কথাও উঠে আসে অনুষ্ঠানে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কাজে আগেও উদ্যোগী হয়েছেন হাসপাতালের কর্ণধার রাহুল মজুমদার। তাঁর পিতা আর এন মজুমদারের দেখানো পথ অনুসরণ করেই জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই এবং বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় গৌরী দেবী হাসপাতালের এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের বক্তব্য, রাস্তার আলোকসজ্জার মতো জনমুখী প্রকল্প সাধারণ মানুষের চলাচলের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পরিকাঠামোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সৌরবিদ্যুৎচালিত এই আলোকসজ্জা প্রকল্পের মাধ্যমে আমলাজোড়া থেকে বাবনাবেড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কপথে রাতের নিরাপত্তা আরও জোরদার করার একটি উদ্যোগ নেওয়া হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
#Durgapur #GauriDeviHospital #SolarLight #RoadSafety #
SocialInitiative
